ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে চলন্ত একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুই ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১টা ৮ মিনিটের দিকে সাভারের মধুমতি মডেল টাউনের সামনে আরিচাগামী লেনে এ ঘটনা ঘটে।
সাভার ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মাইনুল রিয়াদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।
অগ্নিকাণ্ডের ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও আগুন নিয়ন্ত্রণে আসার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে।









