| | |

চুলায় গ্যাস নেই, তবু বিল পরিশোধ ; তিতাস কার্যালয় ঘেরাও

নাজমুল হুদা

চুলায় গ্যাস নেই, অথচ প্রতি মাসেই নিয়মিত বিল পরিশোধ করতে হচ্ছে। দীর্ঘদিনের এমন ভোগান্তির প্রতিবাদে ঢাকার সাভারে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসির আঞ্চলিক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন শতাধিক গ্রাহক। পরে সমস্যা সমাধানে তিন দিনের আলটিমেটাম দিয়ে কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেন তারা।

রোববার (১৯ জুলাই) সকালে সাভার পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডসহ আশপাশের বিভিন্ন এলাকার ভুক্তভোগী গ্রাহকরা জালেশ্বর এলাকায় তিতাসের সাভার আঞ্চলিক বিক্রয় বিভাগ কার্যালয়ের সামনে জড়ো হন। এ সময় তারা নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিতের দাবিতে বিক্ষোভ ও স্লোগান দেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, প্রায় এক বছর ধরে এলাকায় গ্যাসের চাপ কম থাকলেও গত দুই মাসে পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। দিনের পর দিন চুলায় গ্যাস না থাকায় রান্নার জন্য বৈদ্যুতিক চুলা ও কাঠের চুলার ওপর নির্ভর করতে হচ্ছে। অথচ নিয়মিত বিল পরিশোধ করেও কাঙ্ক্ষিত সেবা মিলছে না।

বিক্ষোভ শেষে আন্দোলনকারীরা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসির গাজীপুর অঞ্চলের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেনের কাছে স্মারকলিপি দেন। একই সঙ্গে সমস্যা সমাধানে তিন দিনের সময় বেঁধে দিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

স্মারকলিপি গ্রহণ করে প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন বলেন, গ্রাহকদের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। কোন এলাকায় কী কারণে গ্যাসের চাপ কম রয়েছে, তা শনাক্ত করে সংশ্লিষ্ট লাইনে গ্যাসের চাপ বাড়ানোর মাধ্যমে দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করা হবে।

তবে নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী গ্রাহকরা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted