| | |

সাভারে ৫ হাতবোমা উদ্ধার, আরও বোমার সন্ধানে ঘিরে রাখা এলাকা

নাজমুল হুদা

ঢাকার সাভারের হেমায়েতপুরের শ্যামপুর এলাকা থেকে পাঁচটি তাজা হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার অন্য একটি স্থানে আরও হাতবোমা থাকার সন্দেহে জায়গাটি ঘিরে রেখেছে পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) রাতে শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি স্থান থেকে হাতবোমাগুলো উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হয়েছে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল (বম্ব ডিসপোজাল ইউনিট) ও ফায়ার সার্ভিস।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে শ্যামপুর এলাকায় অভিযান চালায় সাভার মডেল থানা পুলিশ। এ সময় একটি পরিত্যক্ত স্থান থেকে পাঁচটি তাজা হাতবোমা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়।

পরে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে অন্য একটি গোপন স্থানে আরও হাতবোমা মজুত থাকার তথ্য পায় পুলিশ। নিরাপত্তার স্বার্থে ওই এলাকা ঘিরে রাখা হয়েছে। সেখানে গণমাধ্যমকর্মীসহ সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ‘শ্যামপুরের একটি স্থান থেকে পাঁচটি হাতবোমা উদ্ধার করা হয়েছে এবং কয়েকজনকে আটক করা হয়েছে। একই এলাকার শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে একটি গোপন স্থানে আরও হাতবোমা থাকার তথ্য পাওয়া গেছে। বর্তমানে জায়গাটি নিরাপদে ঘিরে রাখা হয়েছে।’

তিনি বলেন, ‘ঢাকা থেকে বিশেষজ্ঞ বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় ফায়ার সার্ভিসের একটি দলও আসছে। বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছানোর পর তল্লাশি চালিয়ে বোমাগুলো উদ্ধার ও নিষ্ক্রিয় করবে।’

তবে নিরাপত্তার স্বার্থে আটক ব্যক্তির নাম-পরিচয় এবং সম্ভাব্য বোমার সুনির্দিষ্ট সংখ্যা এখনই প্রকাশ করা হচ্ছে না বলে জানান ওসি।

ঘটনার পর শ্যামপুর ও আশপাশের এলাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তবে পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ