ময়মনসিংহের গৌরীপুরে কয়েক শত বছরের পুরাতন এক মাজারে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ভাঙচুরের পর হামলাকারীরা মাজারের ভেতরে মল-মূত্র নিক্ষেপও করেছে।
গৌরীপুর থানার ওসি মো. কামরুল হাসান জানান, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতের কোনো এক সময় টেঙ্গাপাড়া গ্রামে শাহজাহান উদ্দিন (র.) আউলিয়ার মাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা বলেন, ভোরে ওই মাজারে যান বেশ কয়েকজন ভক্ত। তারা দেখতে পান মাজারের মূল অংশের বাউন্ডারি ভেঙে পড়ে আছে। তাছাড়া মাজারের ভেতরে বেশ কিছু জায়গায় মানুষের মল-মূত্র ও গোবর ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।
এলাকার ইউপি সদস্য জুয়েল মিয়া বলেন, খবর পেয়ে তিনি এসে দেখতে পান মাজারের মূল অংশের বাউন্ডারি ভাঙচুর করে ফেলে দেওয়া হয়েছে। রাতের আঁধারে কারা এ কাণ্ড করেছে তা বলা যাচ্ছে না।
স্থানীয় বাসিন্দা ফারুক আহম্মেদ বলেন, ‘এই মাজার কত বছর আগের তা বলা মুশকিল। এখানে প্রতিদিনই ভক্তরা এসে যে যার মতো কর্মকাণ্ড চালিয়ে চলে যান। মাজার ভাঙচুর কোনোভাবেই ঠিক হয়নি।’
মাজারের খাদেম সাইদুর রহমান (৭০) বলেন, ‘প্রায় ৪০ বছর ধরে এই মাজারে আছি। কখনো এ ধরনের ঘটনা ঘটেনি। বাপ-দাদাদের কাছে জানতে পেরেছি মুঘল সম্রাটের আমলে এ মাজার এখানে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতি বছর হাজার হাজার ভক্তকুল এখানে আসেন। মাজারে আক্রমণ মেনে নিতে কষ্ট হচ্ছে।’
এদিকে ঘটনাটি জানাজানি হলে মাজারটিতে আসতে থাকেন শত শত ভক্ত-আশেকান। তারা মাজার ভাঙচুরের এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ওসি কামরুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মাজারের একাংশের কিছু অংশ ভাঙচুর করা হয়েছে। পলিথিনে মল-মূত্র ভরে মাজারে নিক্ষেপ করেছে। গত ৮ থেকে ১০ বছর ধরে ওই মাজারে কোনো ওরস হয় না।
তবে, এ ঘটনায় কেউ এখনো থানায় কোনো অভিযোগ করেনি বলে জানান ওসি।










