গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় অবস্থিত এএ নিটস্পিন মিলস লিমিটেড নামের একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আজ সোমবার (২৭ অক্টোবর) সকালে শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে ফটকে ঝোলানো বন্ধের নোটিশ দেখে ক্ষুব্ধ হয়ে কারখানার সামনে অবস্থান নেন। পরে শিল্প পুলিশের আশ্বাসে বেলা একটার দিকে শ্রমিকেরা আন্দোলন স্থগিত করেন।
ফটকে টানানো নোটিশে উল্লেখ করা হয়, গত বৃহস্পতিবার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলনের সময় কারখানার গুরুত্বপূর্ণ মেশিন ভাঙচুর করেছেন। ফলে উৎপাদন কার্যক্রম চালানো সম্ভব নয়। তাই বাংলাদেশ শ্রম আইন–২০০৬-এর ধারা ১৩(১) অনুযায়ী কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, এএ নিটস্পিন কারখানার শ্রমিকদের বেতন কয়েক মাস ধরে বকেয়া রয়েছে। আন্দোলনের মুখে গত রোববার কর্তৃপক্ষ তিন মাসের বকেয়ার মধ্যে এক মাসের বেতন পরিশোধ করে। আজ সোমবার থেকে কারখানা চালুর কথা থাকলেও সকালে এসে তাঁরা বন্ধের নোটিশ দেখতে পান।
শ্রমিকদের অভিযোগ, কারখানার ভেতরে কোনো ভাঙচুর হয়নি। তারা বলেন, কর্তৃপক্ষ মিথ্যা অজুহাতে কারখানা বন্ধ করে দিয়েছে। কারখানার মেকানিক্যাল বিভাগের কর্মী জাকির হোসেন বলেন, “কথা অনুযায়ী সকালে কাজে এসে দেখি কারখানার ফটকে বন্ধের নোটিশ ঝুলছে। এতে সবাই ক্ষুব্ধ হয়। আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাই। পরে শিল্প পুলিশ এসে আশ্বাস দেয়, মঙ্গলবার মালিকপক্ষের সঙ্গে আলোচনা হবে। এরপর আমরা আন্দোলন স্থগিত করি।”
এ বিষয়ে কারখানার কর্মকর্তা মো. জসিমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
শিল্প পুলিশের শ্রীপুর সাব–জোন ইনচার্জ আবদুল লতিফ বলেন, ‘কারখানা বন্ধের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। শ্রমিকেরা কিছুটা উত্তেজিত ছিলেন, পরে তাদের বুঝিয়ে শান্ত করা হয়েছে। মঙ্গলবার আলোচনার মাধ্যমে সমাধান চেষ্টা করা হবে।’










