| | |

জাকসুর ভিপি প্রার্থী অমর্ত্যর প্রার্থিতা ফিরিয়ে দিতে হাইকোর্টের আদেশ স্থগিত

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

অমর্ত্য রায় জন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভিপি পদে অমর্ত্য রায়ের প্রার্থিতা ফেরাতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের শুনানি নিয়ে সোমবার (৯ সেপ্টেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মানজুর আল মতিন। বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এর আগে একই দিন অমর্ত্য রায়ের করা রিটের শুনানি শেষে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ ভিপি পদে তার প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্দেশ দেন এবং এ বিষয়ে রুল জারি করেন।

অমর্ত্য রায় জন প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ও ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক সভাপতি। তিনি অভিযোগ করেছেন, অন্যায়ভাবে তাকে ভিপি পদে প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হয়। প্রার্থীতা ফিরে পেতে তিনি রিট দায়ের করেছিলেন।

দীর্ঘ ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাকসুর ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৯ জন প্রার্থী। ভিপি পদে লড়ছেন ১০ জন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন। এবারের নির্বাচনে সাতটি প্যানেল অংশ নিচ্ছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted