| | |

জাবিতে ছাত্রীকে ধর্ষণচেষ্টার বিচার দাবিতে জাকসুর বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

নাজমুল হুদা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বহিরাগত যুবকের বিরুদ্ধে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় ১০০ ঘণ্টা পেরিয়ে গেলেও অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নেতাকর্মীরা।

সোমবার (১৮ মে) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে প্রায় ২০ মিনিট প্রতীকী অবরোধ কর্মসূচি পালন করে। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা “ধর্ষকের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও”, “ক্যাম্পাসে নিপীড়ন কেন, প্রশাসন জবাব চাই” এবং “অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন”সহ বিভিন্ন স্লোগান দেন।

এসময় জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ঘটনার ১০০ ঘণ্টা পেরিয়ে গেলেও প্রশাসন অপরাধীকে শনাক্ত করতে পারেনি, যা হতাশাজনক। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তকে আইনের আওতায় আনা না হলে পুরো বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

জাকসুর সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু বলেন, বিশ্ববিদ্যালয়কে নিরাপদ ক্যাম্পাস হিসেবে জানলেও সাম্প্রতিক ঘটনায় সেই ধারণা প্রশ্নবিদ্ধ হয়েছে। একই সঙ্গে আন্দোলনকে কেন্দ্র করে কোনো গোষ্ঠী অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলে তারও প্রতিরোধ করা হবে বলে জানান তিনি।

এদিকে আন্দোলনের সময় উপাচার্য ও প্রক্টরকে কটূক্তির অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন পরিবেশ বিজ্ঞান বিভাগ ও আ.ফ.ম কামাল উদ্দিন হলের শিক্ষার্থীরা।

অন্যদিকে, পৃথক এক ঘটনায় বহিরাগত যুবকের বিরুদ্ধে শারীরিক হেনস্তার অভিযোগ তুলে সোমবার দুপুর থেকে প্রক্টর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন এক ছাত্রী। সন্ধ্যা পর্যন্ত এ কর্মসূচি চলছিল।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ