| | |

ঢাবিতে আওয়ামীপন্থী শিক্ষককে হেনস্তা করলেন ডাকসু নেতা

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীনকে হেনস্তার অভিযোগ উঠেছে ডাকসু সমাজসেবা সম্পাদক যুবাইর বিন নেছারী (এ বি জুবায়ের)–এর বিরুদ্ধে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের সিঁড়িতে এ ঘটনা ঘটে। একপর্যায়ে অধ্যাপক জামাল দৌড়ে পালাতে চাইলে জুবায়ের তাঁকে ধাওয়া করেন। পরে অধ্যাপক জামাল একটি গাড়িতে করে ক্যাম্পাস ত্যাগ করেন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঘটনার পর ফেসবুকে জুবায়ের দাবি করেন—‘ফ্যাসিবাদের দোসর’ পাঁচজন শিক্ষক গোপন বৈঠক করছিলেন এবং তিনি তাঁদের পুলিশে দিতে চেয়েছিলেন; কিন্তু শিক্ষকেরা নাকি গাড়িতে করে পালিয়ে যান।

শিক্ষার্থীদের বরাত দিয়ে জানা যায়, আওয়ামী লীগ–সমর্থক কয়েকজন শিক্ষক দুপুরে অনুষদ ভবনে এলে জুবায়েরের নেতৃত্বে কিছু শিক্ষার্থী তাঁদের অবরোধের চেষ্টা করেন। জুবায়ের ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হলেও তাঁর সঙ্গে ইসলামী ছাত্রশিবিরের ঘনিষ্ঠতা আছে বলে ক্যাম্পাসে আলোচনা রয়েছে।

অধ্যাপক জামাল বলেন, নীল দলের আহ্বায়ক হিসেবে তাঁরা উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়ে অনুষদ ভবনে চা খেতে যান। বের হওয়ার সময় কয়েকজন শিক্ষার্থী তাঁদের বাধা দিয়ে হামলা চালায় এবং তাঁর ব্যাংক ও ক্রেডিট কার্ড ছিনিয়ে নেয়। তিনি প্রশ্ন তোলেন, “ডাকসুর একজন প্রতিনিধি কি এভাবে শিক্ষককে আক্রমণ করতে পারে?”

অধ্যাপক জিনাত হুদা অভিযোগ করেন, এটি ‘হত্যাচেষ্টা’-র মতো ঘটনা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁদের সঙ্গে এখনো যোগাযোগ করেনি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted