| | |

বিভাগ আন্দোলন

নোয়াখালীর বাস আটকে দিলো কুমিল্লার জনতা

জেলা প্রতিনিধি, কুমিল্লা

নোয়াখালী বিভাগ চেয়ে আন্দোলন করে ঢাকা থেকে ফেরার পথে কুমিল্লায় আন্দোলনকারীদের বাস আটকে দিয়েছে স্থানীয় জনতা।

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে। এতে তীব্র যানজট সৃষ্টি হয়।

জানা গেছে, নোয়াখালী বিভাগ চেয়ে রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ফিরছিলেন নোয়াখালীর আন্দোলনকারীরা। তারা পদুয়ার বাজার এলাকায় আসলে স্বাধীন বাংলা নামের বাসটি আটকে দেয় স্থানীয় জনতা। এ সময় পরপর ছেড়ে আসা আন্দোলনকারীদের বহন করা কয়েকটি বাস আটকে দেওয়া হয়। তাৎক্ষণিক ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এভাবে প্রায় ঘণ্টাখানেক অবরোধ করে রাখা হয় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক। এতে যানজট ছড়িয়ে পড়ে ঢাকা-চট্টগ্রাম, কুমিল্লা-নোয়াখালী ও কুমিল্লা শহরমুখী সড়কে। পরে পুলিশ এসে আন্দোলনকারীদের নিবৃত্ত করে সড়ক থেকে সরিয়ে নেয়। তবে রাত ৮টা পর্যন্ত প্রত্যেক সড়কেই তীব্র যানজট ছিল।

রাত ৮টায় লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর বলেন, ‘এখনও যানজট আছে। আমরা যানজট নিরসনে কাজ করছি। আন্দোলনকারীদের বহন করা বাসটি ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয় জনতাকে নিবৃত্ত করা হয়েছে।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted