| | |

পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে দুই পোড়া লাশ উদ্ধার, সিরিয়াল কিলারের সন্দেহে একজন আটক

নিজস্ব প্রতিবেদক

আটক সম্রাট

ঢাকার সাভারে পরিত্যক্ত একটি পৌর কমিউনিটি সেন্টার থেকে এক নারী ও এক শিশু সন্তানের পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ধারাবাহিক হত্যাকাণ্ডের সন্দেহে সম্রাট নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোডে অবস্থিত পরিত্যক্ত সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে দুইটি পোড়া মরদেহের সন্ধান পায় পুলিশ। তাৎক্ষণিকভাবে মরদেহ দুটির পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, গত চার মাসে একই ভবন থেকে এর আগেও তিনটি অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার করা হয়েছে। একের পর এক মরদেহ উদ্ধারের ঘটনায় ভবঘুরে সম্রাটকে আটক করা হয়। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সম্রাট একজন সিরিয়াল কিলার হতে পারেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার কলেজসংলগ্ন ওই কমিউনিটি সেন্টারে রোববার দুপুরে এক শিক্ষার্থী প্রস্রাবের জন্য ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনি পোড়া মরদেহ দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।

সাভার মডেল থানার ওসি (অপারেশন) মো. হেলাল উদ্দিন বলেন, মরদেহ দুটি সম্পূর্ণ পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

এর আগে, গত বছরের ২৯ আগস্ট রাতে একই স্থান থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এরপর ১১ অক্টোবর রাতে উদ্ধার করা হয় এক অজ্ঞাত নারীর অর্ধনগ্ন মরদেহ। সর্বশেষ ১৯ ডিসেম্বর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার টয়লেট থেকে আরও এক পুরুষের মরদেহ উদ্ধার করে পুলিশ। এসব ঘটনায় এখনো নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

একাধিক মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ