| | |

পাঁচ দফা দাবি

ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ডেস্ক রিপোর্ট

নিরাপদ সড়ক ও সড়ক দখলমুক্ত রাখাসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর ফার্মগেটে সড়ক অবরোধ করে রেখেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা আড়াইটার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ফার্মগেট থেকে তেজগাঁও রেলক্রসিংয়ের দিকে যাওয়ার হলি ক্রস গার্লস হাইস্কুল রোডে যান চলাচল বন্ধ করে রাখতে দেখা গেছে।

ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ফার্মগেট–এর ব্যানারে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করছেন।

এর আগে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের কারওয়ান বাজারগামী অংশটি কিছুক্ষণের জন্য অবরোধ করেছিলেন।

শিক্ষার্থীরা জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বাসায় ফেরার পথে হলি ক্রস কলেজের সামনে ট্রাকের চাপায় সিফাত নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। প্রশাসন এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। ফুটপাত অবৈধভাবে দখল না থাকলে ওই শিক্ষার্থীর মৃত্যু হতো না। তাই সড়ক নিরাপদ করার দাবিতে তাঁরা আন্দোলন করছেন।

তেজগাঁও বিজ্ঞান কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ নাজমুল বলেন, স্কুল-কলেজসংলগ্ন রাস্তায় তাৎক্ষণিক স্পিড ব্রেকার বসাতে হবে। সড়কে পর্যাপ্ত ল্যাম্পপোস্ট স্থাপন, ফুটপাত দখলমুক্ত করতে হবে। অটোরিকশা-মাইক্রোবাসসহ ভারী যান চলাচল নিয়ন্ত্রণে রাখতে হবে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবিগুলো হলো- ১. সড়ক নিরাপত্তা অবকাঠামো: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সন্নিকটে অবিলম্বে তিনটি স্পিড ব্রেকার, সড়কে পর্যাপ্ত ল্যাম্পপোস্ট, লেন ডিভাইডার ও ট্রাফিক আইল্যান্ড স্থাপন করতে হবে। ২. ফুটপাত দখলমুক্তকরণ: ফুটপাত থেকে সব অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা, অননুমোদিত বাজার ও ভবঘুরে স্থায়ীভাবে উচ্ছেদ করতে হবে। ৩. পার্কিং আইন কার্যকর: ‘নো পার্কিং জোন’ কঠোরভাবে কার্যকর করে অবৈধ পার্কিং বন্ধ করতে হবে। ৪. যানবাহন নিয়ন্ত্রণ: দুর্ঘটনা এবং যানজট এড়াতে রেল ক্রসিং থেকে গির্জা পর্যন্ত রোডে অটোরিকশা, ট্রাকসহ ভারী যানবাহন প্রবেশ নিষিদ্ধ করতে হবে এবং ৫. বর্জ্য ব্যবস্থাপনা: নিয়মিত ও কার্যকর বর্জ্য অপসারণ নিশ্চিত করে রাস্তাটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted