ফরিদপুরে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ও পুরোনো সীমানা বহালের দাবিতে আয়োজিত মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি আজ সোমবার দুপুরে সহিংস রূপ নিয়েছে। বিক্ষুব্ধ জনতা ভাঙ্গা থানা ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন। উপজেলা অফিসার্স ক্লাবে অগ্নিসংযোগও করা হয়। এ সময় সাংবাদিকদের ওপরও চড়াও হন বিক্ষোভকারীরা। তাঁদের মুঠোফোন কেড়ে নেওয়া হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়।
আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে বিক্ষোভকারীরা ঢাকা-খুলনা মহাসড়কের আলগী ইউনিয়নের সোয়াদী থেকে শুরু হয়ে গোলচত্বর এলাকায় এসে পৌঁছায়। এ সময় বিক্ষোভকারীরা সাংবাদিকদের ভিডিও করতে ও ছবি তুলতে বাধা দেন।

আইনশৃঙ্খলা কাজে নিয়োজিত পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।
ভাঙ্গার বিভিন্ন জায়গা থেকে জনস্রোত উপজেলা সদরের দিকে আসছে। কেউ আসছেন হেঁটে, কেউ আসছেন ভ্যান-নসিমনে, কেউ আসছেন মোটরসাইকেল করে। এদিকে দুটি মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।










