| | |

ফরচুনের প্রতিবেদন

মামদানির জয়ের ‘মাস্টারমাইন্ড’ বাংলাদেশি বংশোদ্ভূত জারা রহিম

ডেস্ক রিপোর্ট

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি। কিন্তু তার এই ঐতিহাসিক বিজয়ের নেপথ্যে ছিলেন এক নিপুণ কৌশলবিদ তরুণী—বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক জারা রহিম। নিউইয়র্কের মেয়র নির্বাচনে মামদানির প্রচারণার মূল পরিকল্পনাকারী ছিলেন জারা।

রাজনীতি, সংস্কৃতি ও ডিজিটাল কৌশল নিয়ে এক দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন ৩৫ বছর বয়সী এই তরুণী। গত ফেব্রুয়ারি থেকে তিনি মামদানির জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ শুরু করেন এবং নির্বাচনী প্রচারণার মূল সুর নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

নিউইয়র্ক টাইমসের খবর অনুসারে, জারা রহিম মামদানিকে পরামর্শ দিয়েছিলেন, ‘রাজনীতিবিদদের কল্পিত নিউইয়র্ক নয়, আসল নিউইয়র্ককে কেন্দ্র করে প্রচারণা চালাতে।’ তার এই পরামর্শই হয়ে ওঠে ডেমোক্র্যাটদের প্রচারণার মূল মন্ত্র। এর ভিত্তিতেই তারা গড়ে তোলেন এক তৃণমূলভিত্তিক সংগঠন, যেখানে এক লাখের কাছাকাছি স্বেচ্ছাসেবক যুক্ত হয়ে ২ লাখ ৪৭ হাজার ভোটারের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন।

জারা রহিম বহুমাত্রিক অভিজ্ঞতার অধিকারী 

দক্ষিণ ফ্লোরিডায় বেড়ে ওঠা জারা রহিম যুক্তরাষ্ট্রের প্রথম প্রজন্মের বাংলাদেশি-আমেরিকান নাগরিক। ২০১২ সালে বারাক ওবামার পুনর্নির্বাচনী প্রচারণায় ইন্টার্ন হিসেবে যোগ দিয়ে তিনি তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন। পরে দ্রুত পদোন্নতি পেয়ে ফ্লোরিডা ডিজিটাল কনটেন্ট ডিরেক্টর হন। সেই সময় জারা শিখেছিলেন কীভাবে সোশ্যাল মিডিয়াকে রাজনৈতিক সংগঠনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায়।

পরবর্তীতে তিনি হোয়াইট হাউজের ডিজিটাল স্ট্র্যাটেজি দপ্তরে কাজ করেন, এরপর উবারে যোগ দেন এবং রাইড-শেয়ারিং সংক্রান্ত নীতিমালা প্রণয়নে ভূমিকা রাখেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted