মঙ্গলবার | ১০ মার্চ, ২০২৬ | ২৫ ফাল্গুন, ১৪৩২ | ২০ রমজান, ১৪৪৭

শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে হামলা, সাময়িকভাবে বন্ধ সেবা

সাভার ডেস্ক

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিলের নামে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে ভাঙচুর চালিয়েছে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের সদস্যরা। এ ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে ভিসা কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) শিলিগুড়িতে বিশ্ব হিন্দু পরিষদ (বিএইচপি), হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠনের প্রায় তিন শতাধিক সদস্য বাঘা যতীন পার্কে সমাবেশ করেন। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশের ভিসা অফিস ঘেরাও করেন এবং সেখানে ভাঙচুর চালান।

দিল্লি ও কলকাতার কূটনৈতিক সূত্র জানায়, কয়েক বছর ধরে ‘ডিইউডিজিটাল’ নামের একটি প্রতিষ্ঠান শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র পরিচালনার দায়িত্বে রয়েছে।

বিক্ষোভকারীরা বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ, দীপু দাস হত্যার বিচার এবং দোষীদের শাস্তির দাবিতে স্লোগান দেন। একপর্যায়ে আন্দোলনকারীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ভিসা অফিসে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এবং প্রতিবাদস্বরূপ ভিসা অফিস বন্ধ রাখার দাবি জানায়।

প্রতিনিধিদলের এক সদস্য ডিইউডিজিটালের এক কর্মকর্তাকে ফোনে বলেন,
“বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চলবে আর এখানে বসে আপনারা ব্যবসা করবেন—এটা হতে পারে না। অনুরোধ করছি, অফিসের তালা খুলবেন না। আজকের মধ্যেই বাংলাদেশের ভিসাসংক্রান্ত সব ব্যানার ও বোর্ড সরিয়ে নিন।”

পরে ওই সদস্য স্থানীয় গণমাধ্যমকে জানান, সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে বিষয়টি জানানো হবে। তারা চান না, কোনো ভারতীয় বা হিন্দু বাংলাদেশে ভ্রমণ কিংবা ব্যবসা করুক।

কলকাতা থেকে একটি কূটনৈতিক সূত্র জানায়, উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার কথা বিবেচনা করে সোমবার বিকেল তিনটার আগেই ডিইউডিজিটাল ভিসা কেন্দ্রটি বন্ধ করে দেয়। পরিস্থিতি পর্যবেক্ষণের পর পুনরায় কেন্দ্র চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ঘটনার প্রেক্ষাপটে শিলিগুড়ির ভিসা কেন্দ্রের নিরাপত্তা জোরদারের অনুরোধ জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কলকাতা দপ্তরে কূটনৈতিক পত্র পাঠিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপহাইকমিশন।

এদিকে একই দিন দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন সব ধরনের কনস্যুলার সেবা ও ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031