| | |

সরকার নির্ধারিত মজুরি বাস্তবায়নের দাবিতে সাভারে ট্যানারি শ্রমিকদের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

সরকার নির্ধারিত ১৮ হাজার ১ টাকা নিম্নতম মজুরি অবিলম্বে বাস্তবায়নের দাবিতে সাভারে ট্যানারি শ্রমিকরা সমাবেশ করেছে। শনিবার (১৭ জানুয়ারি) সকালে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হরিণধরা এলাকায় অবস্থিত চামড়া শিল্পনগরীর ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সামনে এ শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ বিভিন্ন ট্যানারির শ্রমিক নেতারা।

বক্তারা বলেন, ট্যানারি শিল্প খাতে কর্মরত সকল শ্রেণির শ্রমিকদের জন্য সরকার গত ২১ নভেম্বর ২০২৪ তারিখে নিম্নতম মজুরি ঘোষণা করে গেজেট প্রকাশ করে। মালিক ও শ্রমিক পক্ষের পারস্পরিক ঐকমত্যের ভিত্তিতেই এ মজুরি নির্ধারণ করা হয়েছিল। তবে ঘোষণার দীর্ঘ সময় পার হলেও মালিকপক্ষ এখনো সেই নিম্নতম মজুরি কার্যকর করেনি।

তারা আরও বলেন, বিষয়টি নিয়ে একাধিকবার আলোচনা ও দেনদরবারের পর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় মালিকদের অনুরোধে ঘোষিত নিম্নতম মজুরি সংশোধনের সিদ্ধান্ত নেয়। সংশোধন প্রস্তাবের বিষয়ে শ্রমিকদের আপত্তি থাকলেও দীর্ঘ চার বছর ধরে কোনো বেতন বৃদ্ধি না হওয়া এবং মজুরি বাস্তবায়নের আশায় শ্রমিক পক্ষ তা মেনে নেয়। সংশোধিত মজুরির বিষয়ে মালিক ও শ্রমিক উভয় পক্ষ স্বাক্ষরও করে।

তবুও ট্যানারি মালিকরা নানা অজুহাতে সেই সংশোধিত নিম্নতম মজুরিও এখনো বাস্তবায়ন করেননি বলে অভিযোগ করেন বক্তারা। এতে শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।

সমাবেশ থেকে দ্রুততম সময়ের মধ্যে সরকার নির্ধারিত ১৮ হাজার ১ টাকা মজুরি কার্যকর করার জন্য ট্যানারি মালিকদের প্রতি আহ্বান জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন শ্রমিক নেতারা।

সমাবেশে বিভিন্ন ট্যানারির কয়েক হাজার নারী ও পুরুষ শ্রমিক অংশগ্রহণ করেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted