| | |

হামলার পেছনে পেশাগত দ্বন্দ্বের অভিযোগ

সাভারে দলিল লেখকের হাত ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভারের আশুলিয়ায় প্রতিপক্ষদের হামলায় শাহাদাৎ হোসেন (৪০) নামে এক দলিল লেখক গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে একটি হাত ভেঙে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আহত শাহাদাৎ হোসেন আশুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক হিসেবে কাজ করেন।

শাহাদাৎ হোসেন অভিযোগ করে বলেন, ‘বুধবার (০৮ অক্টোবার) দুপুরে সাব-রেজিস্ট্রি অফিসের সামনে আমি এক গ্রাহকের দলিল সম্পাদনের জন্য অবস্থান করছিলাম। এ সময় প্রতিপক্ষ দলিল লেখক মো. আলমগীর হোসেনের নেতৃত্বে ৮-৯ জন মিলে অতর্কিতভাবে আমার ওপর হামলা চালায়।’

তিনি আরও জানান, ‘হামলাকারীরা লাঠিসোঁটা নিয়ে আমাকে এলোপাতাড়ি মারধর করে হাত-পা, পিঠ ও কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এ সময় তারা আমার পকেটে থাকা নগদ ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং প্রাণনাশের হুমকি দেয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।’

এ ঘটনায় ভুকক্তভোগী শাহদাত হোসেন আশুলিয়া থানায় দায়ের করেন। এতে দলিল লেখক আলমগীর হোসেন (৪৮), মোতালেব হোসেন (৪৫), অনিক হাসান দিলবর (৩৫), মনসুর (৩৫), ফজলুল হকসহ (৫৮) আরও অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

ভুক্তভোগী শাহাদাৎ হোসেন আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে একটি চক্র আমাকে দলিল লেখা থেকে বিরত রাখার জন্য হুমকি দিয়ে আসছিল। এ ঘটনার সুষ্ঠু বিচার এবং অভিযুক্তদের গ্রেফতার দাবি করছি।’

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, ‘এক দলিল লেখকের উপর হামলার ঘটনায় একটি মামলা গ্রহণ করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।’

এদিকে, হামলার ঘটনাটি নিয়ে আশুলিয়া দলিল লেখক সমিতির মধ্যে বিভক্তি তৈরি হয়েছে।

সংগঠনটির যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন দাবি করেন, ‘এই হামলার সঙ্গে আমাদের কেউ জড়িত নয়। বরং সাব-রেজিস্ট্রার খাইরুল বাশার ভূইয়া পাভেলের যোগদানের পর থেকেই রেজিস্ট্রেশনে অনিয়ম চলছে, এতে শাহাদাৎ হোসেনও জড়িত। আমরা সাব-রেজিস্ট্রারের প্রত্যাহার দাবি করছি।’

এসব অভিযোগ অস্বীকার করেছেন সাব-রেজিস্ট্রার খাইরুল বাশার ভূইয়া পাভেল। তিনি বলেন, ‘আমি অনৈতিক কোনো সুবিধা না দেওয়ায় একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted