ঢাকার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে একটি পরিত্যক্ত ম্যানহোলে বিপুল পরিমাণ সরকারি ওষুধের সন্ধান পাওয়া গেছে। এ ঘটনায় তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান।
এর আগে, সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণের ভেতরে পরিত্যক্ত একটি ম্যানহোলে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ পাওয়া যায়। তবে ওষুধগুলো ফেলার সময় সেগুলো মেয়াদোত্তীর্ণ ছিল কি না—সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় হাসপাতালের সংশ্লিষ্ট কেউ আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি। স্থানীয়দের অভিযোগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা অধিকাংশ দরিদ্র রোগী সরকারি ওষুধ থেকে বঞ্চিত হচ্ছেন। চিকিৎসকদের ব্যবস্থাপত্রে লেখা ওষুধ বাইরে থেকে কিনে নিতে বলা হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান বলেন, “ম্যানহোলে ওষুধের সন্ধান পাওয়ার পর আমিও বিব্রত। সরকারি ওষুধ এভাবে ম্যানহোলে থাকার কথা নয়। যদি ওষুধগুলো মেয়াদোত্তীর্ণ হয়ে থাকে, তাহলে সেগুলো নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে অপসারণ করার নিয়ম রয়েছে। সাধারণত এসব ওষুধের দায়িত্ব স্টোরকিপারের ওপর থাকে।”
তিনি আরও বলেন, “কারা এবং কীভাবে এসব ওষুধ এখানে ফেলেছে, তা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হবে না।”










