| | |

নির্বাচনের টানা ছুটিতে রাজধানী ছাড়ছে মানুষ

অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টানা ছুটিতে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে সাভারের তিনটি গুরুত্বপূর্ণ মহাসড়কে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। তবে এই ভিড় সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে পরিবহন খাত, যার ফলে দেখা দিয়েছে তীব্র যানজট ও যাত্রী ভোগান্তি।

এদিকে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিক ও ঘরমুখো মানুষেরা। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে নবীনগর-চন্দ্রা সড়কের আশুলিয়ার বাইপাইল এলাকার সড়ক অবরোধ করেন তারা।

অবরোধকারীরা জানান, সোমবার পোশাক কারখানার শ্রমিকদের শেষ কর্ম দিবস ছিল। তাই শ্রমিকরা অফিস শেষে গ্রামের বাড়িতে ফিরতে শুরু করেন। সেই সুযোগে বাসের চালক ও হেলপাররা অতিরিক্ত ভাড়া আদায় করছেন। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ ও ন্যায্য ভাড়ার দাবিতে এই অবরোধ বলে জানান তারা।

অবরোধকারীদের অভিযোগ, ১৭ বছর পর নির্বাচনে ভোটের আমেজ। আমরা ভোট দিতে গ্রামের বাড়ি যেতে বের হয়েছি। কিন্তু এখানে এসে দেখছি অতিরিক্ত ভাড়া। ৩০০ ও ৫০০ টাকার ভাড়া এক হাজার টাকা ও এর বেশি টাকা চাওয়া হচ্ছে। অবিলম্বে ন্যায্য ভাড়া কার্যকরের দাবি জানাই, যাতে সরকার এদিকে নজর দেন।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাজাহান গণমাধ্যমকে বলেন, সড়কে অতিরিক্ত যাত্রী। যাত্রীর চাপ বেশি থাকায় সড়কে অবস্থান নিয়েছে। তবে অবরোধের বিষয়টি জানা নেই বলে জানান তিনি। বাড়তি ভাড়া আদায়ের বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকার ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলসহ সারা দেশে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে। এই লম্বা ছুটিকে কেন্দ্র করেই মূলত মহাসড়কগুলোতে যাত্রীদের এই বাড়তি চাপ তৈরি হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ