ঈদুল আজহার ছুটি শেষে কাজে ফিরেই চাকরি হারানোর খবর পেয়েছেন সাভার ও আশুলিয়ার তিনটি পোশাক কারখানার ১ হাজার ৮৬৮ শ্রমিক। ব্যবসায়িক মন্দা ও বিদেশি ক্রয়াদেশ কমে যাওয়ার কারণ দেখিয়ে আল-মুসলিম গ্রুপ এই শ্রমিকদের ছাঁটাই করেছে।
ছাঁটাই হওয়া শ্রমিকদের মধ্যে সাভারের একেএম নিটওয়্যার লিমিটেডের ১ হাজার ২৮৬ জন, প্যাসিফিক ব্লু জিন্স ওয়্যারের ৫২৯ জন এবং আশুলিয়ার আল-মুসলিম অ্যাপারেলসের ৫৩ জন কর্মী রয়েছেন।
শনিবার (৬ জুন) সকালে কারখানাগুলোর সামনে গিয়ে দেখা যায়, চাকরি হারানো শ্রমিকরা তালিকায় নিজেদের নাম খুঁজছেন এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।
আল-মুসলিম গ্রুপের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আবু রায়হান বলেন, ক্রয়াদেশ কমে যাওয়ায় উৎপাদন সংকুচিত হয়েছে। বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ২০ ধারা অনুযায়ী শ্রমিক ছাঁটাই করা হয়েছে এবং তাদের সব পাওনা পরিশোধ করা হয়েছে।
তবে শ্রমিকদের অভিযোগ, কোনো পূর্ব নোটিশ ছাড়াই তাদের চাকরিচ্যুত করা হয়েছে। এদিকে শ্রমিক নেতারা বলছেন, ঈদের পরপরই প্রায় দুই হাজার শ্রমিকের চাকরি হারানো শিল্পাঞ্চলে নতুন উদ্বেগ তৈরি করেছে। তাদের আশঙ্কা, ক্রয়াদেশ সংকট অব্যাহত থাকলে আরও কারখানায় একই ধরনের ছাঁটাই হতে পারে।










