আশুলিয়ায় মোবাইল ফোনের চার্জার বিস্ফোরণে দগ্ধ হয়ে ব্যবসায়ী মিজানুর রহমান (৪৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রোববার (১৪ জুন) দুপুর ২টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে শনিবার (১৩ জুন) দিবাগত রাত ১২টার দিকে আশুলিয়ার একটি বাসায় মোবাইল চার্জে দিয়ে ঘুমিয়ে থাকার সময় হঠাৎ বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মিজানুর রহমান দগ্ধ হন।
দগ্ধ অবস্থায় তাকে রাত ৩টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসকদের বরাতে জানা যায়, বিস্ফোরণে তার শরীরের প্রায় ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তিনি মারা যান।
প্রতিবেশীরা জানান, বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে তারা ছুটে এসে ঘরের ভেতর মিজানুর রহমানকে দগ্ধ অবস্থায় পান। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
মিজানুর রহমান ফেনীর ছাগলনাইয়া উপজেলার লাঙলমোড়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি আশুলিয়া এলাকায় কাপড়ের ব্যবসা করতেন এবং একাই ওই রুমে বসবাস করতেন।










