ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে একটি পাকিস্তানি তৈরি রিভলভার ও এক রাউন্ড তাজা গুলিসহ খোকন নামে এক যুবককে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৯ জুন) রাতে আশুলিয়ার বাইপাইল ফলের আড়তের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক খোকন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাসিন্দা এবং মইনুল মণ্ডলের ছেলে। তিনি আশুলিয়ার চিত্রশাইল কাঁঠালতলা বাজার এলাকায় বসবাস করতেন।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, এক অস্ত্রধারী ব্যক্তি আশুলিয়ার বাইপাইল মোড়ে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে খোকনকে আটক করে তার কাছ থেকে একটি পাকিস্তানি তৈরি রিভলভার ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একজনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি রিভলভার ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, অস্ত্রটি কীভাবে তার কাছে এসেছে এবং এর সঙ্গে অন্য কোনো অপরাধী চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডিবি পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রের উৎস ও সম্ভাব্য ব্যবহার সম্পর্কে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।










