| | |

আশুলিয়ায় বাসে আগুন, দগ্ধ চালক আহত

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভারের আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করে রাখা আলিফ পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক আহত হয়েছেন।

বুধবার (১২ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে দুটি মোটরসাইকেলে করে চারজন মুখোশধারী ব্যক্তি এসে হঠাৎ বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে তারা কয়েক রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। স্থানীয়রা বিষয়টি দেখে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেয়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, “খবর পাওয়ার পর আমাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাত্র ১০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে বাসটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে।”

আহত চালক সাত্তার জানান, রাতে বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। “হঠাৎ আগুন দেখে জানালা দিয়ে লাফ দিয়ে নিচে নামি। তখন দেখি চারজন লোক দুটি মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। তারা হেলমেট পরা ছিল। আমি চিৎকার শুরু করলে তারা কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়,” বলেন তিনি। এতে সাত্তারের হাঁটুতে আঘাত লাগে বলেও জানা গেছে।

বাসের মালিক মোহাম্মদ সোহেল বলেন, “এই বাসটাই ছিল আমার একমাত্র উপার্জনের মাধ্যম। কে বা কারা এমন ক্ষতি করল জানি না। আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানাচ্ছি যেন ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়।”

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

স্থানীয়রা জানিয়েছেন, সাম্প্রতিক সময় আশুলিয়ায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted