ঢাকার আশুলিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) কোম্পানির তামাক সংরক্ষণাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দাহ্য তামাকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় প্রায় সাত ঘণ্টার চেষ্টার পর বুধবার (৫ আগস্ট) দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকাল ৭টার দিকে আশুলিয়ার নলাম এলাকায় অবস্থিত বিএটির একটি তামাক গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা। পরে আগুনের বিষয়টি নিশ্চিত হয়ে গোডাউন কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে প্রথমে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে তামাকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। পরে আরও দুটি ইউনিট এবং ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। ধামরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিটও ঘটনাস্থলে পৌঁছালেও আগুন অনেকটা নিয়ন্ত্রণে চলে আসায় তাদের আর কাজে অংশ নিতে হয়নি। আগুন নেভানোর কাজে শিল্প পুলিশের সদস্যরাও সহযোগিতা করেন।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা প্রণব চৌধুরী বলেন, সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে জিরাবো মডার্ন ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, গোডাউনে বিপুল পরিমাণ তামাক মজুত ছিল। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে শিল্প পুলিশের সদস্যদের মোতায়েন করা হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।








