ঢাকার আশুলিয়ায় শাশুড়িকে হত্যার অভিযোগে মুক্তা আক্তার (২২) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার (৩০ জুন) আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সখিনা বেগম (৬০) ওই এলাকার মো. মনছের আলীর স্ত্রী এবং অভিযুক্ত মুক্তা আক্তার তার পুত্রবধূ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টার দিকে পারিবারিক বিষয় নিয়ে সখিনা বেগমের সঙ্গে মুক্তা আক্তারের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে শারীরিক সংঘর্ষের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।
পরিবারের সদস্যরা সখিনা বেগমকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভিযোগ রয়েছে, ঘটনার পর মৃত্যুর প্রকৃত কারণ গোপন রেখে এটিকে স্বাভাবিক মৃত্যু হিসেবে উপস্থাপন করা হয় এবং মরদেহ দাফনও করা হয়।
পুলিশ জানায়, পরদিন পরিবারের মধ্যে আলোচনার একপর্যায়ে ঘটনাটি নিয়ে নতুন তথ্য সামনে আসে। পরে নিহতের ছেলে পুলিশকে অবহিত করলে আশুলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে মুক্তা আক্তারকে আটক করে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।”
পুলিশ জানিয়েছে, মামলার তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









