| | |

আশুলিয়ায় শিশুর রহস্যজনক মৃত্যু, মা ও সৎ বাবাকে জিজ্ঞাসাবাদ

নাজমুল হুদা

ঢাকার আশুলিয়া প্রতিনিধি: ঢাকার সাভারের আশুলিয়ায় ইসরাফিল ইসলাম (সাড়ে তিন) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। স্থানীয়দের দাবি, মৃত্যুর আগে শিশুটির ওপর তার মা ও সৎ বাবা শারীরিক নির্যাতন চালিয়েছিলেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হয়নি।

বুধবার (৮ জুলাই) সকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকার অন্ধ কলোনির একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত ইসরাফিল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার রিপন মিয়ার ছেলে। সে তার মা লাবনী বেগম ও সৎ বাবা ছাব্বিরের সঙ্গে আশুলিয়ার ওই বাসায় বসবাস করত।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে শিশুটিকে মারধরের অভিযোগ রয়েছে। বুধবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে মা ও সৎ বাবা তাকে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন এবং বিষয়টি আশুলিয়া থানাকে অবহিত করেন। পরে পুলিশ হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

তিনি বলেন, ঘটনার তদন্তের স্বার্থে শিশুটির মা ও সৎ বাবাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এরপর তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted