| | |

আশুলিয়ায় শিশু গৃহকর্মীকে গরম খুন্তির ছ্যাঁকা, চিকিৎসক গ্রেপ্তার

হাসিবুল হাসান শান্ত

ঢাকার সাভারের আশুলিয়ায় ১০ বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা ও শারীরিক নির্যাতনের অভিযোগে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত চিকিৎসকের স্ত্রী পলাতক রয়েছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়া থানার স্মৃতিসৌধ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার আশিক ভিলা থেকে অভিযুক্ত চিকিৎসক জাহিদুল ইসলাম (৩৪)কে আটক করা হয়।

গ্রেপ্তার জাহিদুল ইসলাম সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক হাসপাতালের একজন চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।

নির্যাতনের শিকার সামিয়া আক্তার পাবনা জেলার আমিনপুর থানার সিন্দুরীয়া গ্রামের রজব আলীর মেয়ে। প্রায় ১১ মাস ধরে সে অভিযুক্ত চিকিৎসকের বাসায় গৃহকর্মীর কাজ করছিল।

ভুক্তভোগী সামিয়া জানায়, প্রথম এক মাস তাকে মারধর করা হয়নি। তবে পরবর্তী ১০ মাস ধরে বিভিন্ন অজুহাতে মারধর করা হয় এবং গরম খুন্তি দিয়ে মুখ, হাত-পা ও পিঠে ছ্যাঁকা দেওয়া হয়। তার শরীরে নির্যাতনের একাধিক দাগ রয়েছে।

পুলিশ জানায়, শনিবার রাতে নির্যাতনের শিকার হয়ে শিশুটি বাসা থেকে পালিয়ে আসে এবং পথচারীদের কাছে ঘটনার বর্ণনা দেয়। পরে পথচারীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক অনুসন্ধানে নির্যাতনের সত্যতা পেয়ে অভিযুক্তের বাসায় অভিযান চালিয়ে জাহিদুল ইসলামকে আটক করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত চিকিৎসকের স্ত্রীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ