ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
বুধবার (১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়া থানার নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তাররা হলেন কুমিল্লার তিতাস উপজেলার শিবপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে মো. মাসুম (২২) এবং চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথুলি গ্রামের মো. জামাল শেখের ছেলে মো. সোয়েব শেখ (২০)।
পুলিশ জানায়, ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (উত্তর) অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসআই (নিঃ) মো. নাফিউল ইসলাম পিপিএমসহ ডিবির একটি দল অংশ নেয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, গ্রেপ্তাররা কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে পাইকারিভাবে গাঁজা সংগ্রহ করে ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে চুয়াডাঙ্গায় নিয়ে যাচ্ছিলেন।
পুলিশের দাবি, গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ মাদকচক্রের সদস্য। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি মাদকচক্রের অন্যান্য সদস্য এবং মাদকের উৎস শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে কঠোর অবস্থান বজায় রাখা হবে।









