| | |

ইন্দোনেশিয়ায় স্কুল ধসে মৃত্যু বেড়ে ৩৬

ডেস্ক রিপোর্ট

ইন্দোনেশিয়ার পূর্ব জাভায় গত সপ্তাহে স্কুল ধসে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা।

একদিন আগেও এ সংখ্যা ১৬ ছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এখনও নিখোঁজ ২৭ শিক্ষার্থীর সন্ধানে টানা সপ্তম দিনের মতো উদ্ধারকাজ চলছে বলে রোববার (০৫ অক্টোবর) ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে। নিখোঁজ এ শিক্ষার্থীদের বেশিরভাগেরই বয়স ১৩ থেকে ১৯ এর মধ্যে।

ধ্বংসস্তূপ সরাতে ক্রেন মোতায়েন করা হয়েছে। অনুসন্ধান ও উদ্ধার কাজের ৬০% শেষ হয়েছে, বাকিটুকু সোমবারের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।

গত সোমবার রাজধানী জাকার্তার প্রায় ৭৮০ কিলোমিটার পূর্বে সিদোয়ারজো শহরে আল খোজিনি বোর্ডিং স্কুল ধসে পড়ে।

কর্মকর্তারা বলছেন, ভবনটির ভিত্তি ছিল দুর্বল এবং এর ওপর আরও একটি তলা নির্মাণের অতিরিক্ত ভার ভবনটি বহন করতে পারেনি।

কয়েকদিনের অনুসন্ধানে ধ্বংসস্তূপের নিচে প্রাণের স্পন্দন না পাওয়ায় শুক্রবার উদ্ধারকর্মীরা অভিভাবকদের কাছ থেকে ভারি যন্ত্রপাতি ব্যবহারের অনুমতি নিয়েছেন।

উদ্ধারকারীরা সুড়ঙ্গ তৈরি করে তার ভেতর দিয়ে গিয়ে চাপা পড়াদের নাম ধরে ডেকে এবং মোশন ডিটেক্টর ও স্ক্যানার ব্যবহার করেও ধ্বংসস্তূপের নিচে জীবিত কারও উপস্থিতির সঙ্কেত পাননি।

আল খোজিনির মতো ইসলামিক স্কুল বা মাদ্রাসাগুলো স্থানীয়ভাবে ‘পেসানত্রেন’ নামে পরিচিত।

বিশ্বের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুসলিমের বাস ইন্দোনেশিয়ায়, দেশটিতে এমন প্রায় ৪২ হাজার ‘পেসানত্রেনে’ ৭০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করে বলে দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দেওয়া তথ্য বলছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted