ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩৫৫ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ চারজন মাদক কারবারি গ্রেপ্তার করা হয়েছে। এসময় মাদক কেনাবেচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে ঢাকার সাভার ও আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- চঞ্চল মাহমুদ (৩২), মিজানুর রহমান বাঘাকে (৩৮), বিল্লাল হোসেনকে (৩২) ও নিয়ামত মোল্লাকে (৬৫)।
শুক্রবার (০৬ মার্চ) সকালে ডিবি পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলার পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশনায় এবং ডিবি উত্তরের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। বৃহস্পতিবার (০৫ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে সাভারের বক্তারপুর বেঁদে পল্লী এলাকায় এসআই মতিউর রহমানের নেতৃত্বে অভিযানে ২০০ পিস ইয়াবাসহ চঞ্চল মাহমুদ (৩২) ও মিজানুর রহমান বাঘাকে (৩৮) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।
অপর একটি অভিযানে আশুলিয়ায় রাত ১১:৩০ মিনিটে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং সদস্য ও মাদক ব্যবসায়ী বিল্লাল হোসেনকে (৩২) ১৫৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন এসআই শাহাদাৎ হোসেন। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৪৬,৫০০ টাকা।
সর্বশেষ অভিযান একই দিনে সাভারে রাত ৮:৪৫ মিনিটে সাভারের বক্তারপুর ১ নং ওয়ার্ড এলাকায় এসআই শেখ মফিজুর রহমানের নেতৃত্বে অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ নিয়ামত মোল্লাকে (৬৫) গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ আরো জানান, গ্রেপ্তারকৃত ১ নং আসামি চঞ্চল মাহমুদের বিরুদ্ধে এর আগেও মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ (০৬ শুক্রবার) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে ঢাকা জেলা ডিবি পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।










