| | |

ইফতার মাহফিলে ঘোষণা

ঈদের আগেই মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান : এমপি বাবু

হাসিবুল হাসান শান্ত

ঢাকার সাভার পৌর বিএনপির আয়োজিত ইফতার মাহফিলে ঢাকা-১৯ আসনের (সাভার-আশুলিয়া) নবনির্বাচিত সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত এলাকা গড়ার ঘোষণা দিয়েছেন।

শুক্রবার বিকেলে সাভার সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা মাদকমুক্ত সাভার-আশুলিয়া চাই, হকারমুক্ত ফুটপাত চাই, যানজটমুক্ত সাভার চাই। চাঁদাবাজ, ছিনতাই ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়তে হবে। জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়ন করতেই হবে।”

তিনি জানান, ইতিমধ্যে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন। মাদক ব্যবসায়ীদের একটি তালিকা তাঁর কাছে রয়েছে উল্লেখ করে বলেন, ঈদের আগেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাদকের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ডা. সালাউদ্দিন বাবু বলেন, “সে যে-ই হোক, কোন পদে আছে বা আমার কতটা ঘনিষ্ঠ—এসব বিবেচনা করা হবে না। ঢাকা-১৯ আসনকে মাদক ও সন্ত্রাসমুক্ত করাই আমাদের চ্যালেঞ্জ।” যানজট নিরসনে পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক টিম গঠন করে সহযোগিতা করার কথাও জানান তিনি।

চাঁদাবাজির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, প্রকাশ্য বা নীরব কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না। দোকান থেকে চাঁদা তুলে মসজিদ নির্মাণের মতো কর্মকাণ্ড থেকেও বিরত থাকার আহ্বান জানান তিনি। সরকারি অনুদানের মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা করা হবে বলেও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, জনগণ তাদের দিকে তাকিয়ে আছে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দেশের উন্নয়ন ও মানুষের প্রত্যাশা পূরণে আরও নিবেদিত হয়ে কাজ করতে হবে।

সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা ওবায়দুর রহমান অভি, সাবেক মেয়র রেফাত উল্লাহ, পৌর বিএনপির নেতৃবৃন্দ ও অন্যান্য অতিথিরা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted