ঈদুল ফিতরের টানা ১০ দিনের ছুটি শেষে আজ শনিবার (২৮ মার্চ) থেকে সাভার, আশুলিয়া ও ধামরাইসহ আশেপাশের এলাকার প্রায় ৯ শতাধিক তৈরি পোশাক কারখানায় একযোগে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকেই হাজার হাজার শ্রমিক কর্মস্থলে যোগ দেন, ফলে শিল্পাঞ্চলে আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড), হেমায়েতপুর, গেন্ডা, জিরাবো, বাইপাইল, শ্রীপুর, জিরানি, জামগড়া, বেড়ন, নয়ারহাট, ধামরাইয়ের কালামপুর, ইসলামপুর, বাতুলি, শ্রীরামপুর ও ধামরাই বিসিক শিল্পনগরীসহ বিভিন্ন এলাকার কারখানাগুলোতে সকাল থেকেই শ্রমিকদের ভিড় লক্ষ্য করা যায়। সড়ক ও গলিপথে কর্মস্থলমুখী শ্রমিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

কারখানা সূত্রে জানা গেছে, ছুটি শেষে উৎপাদন লাইনে ফিরে শ্রমিকদের মধ্যেও স্বস্তি বিরাজ করছে। নির্ধারিত সময়ে রফতানি পণ্য সরবরাহ নিশ্চিত করতে কারখানাগুলো একযোগে উৎপাদন শুরু করেছে।
একটিভ কম্পোজিট মিলস লিমিটেড (রাইজিং গ্রুপ)-এর প্রশাসনিক কর্মকর্তা তৌহিদুজ্জামান বাংলাদেশ প্রতিদিনকে জানান, অধিকাংশ কারখানায় শ্রমিক উপস্থিতির হার ৯৮ থেকে ৯৯ শতাংশের মধ্যে। আশুলিয়ার কিছু কারখানায় উপস্থিতি কিছুটা কম হলেও এক-দুই দিনের মধ্যে তা স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছে শিল্প পুলিশ ও বিজিএমই।

অন্যদিকে, আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকার একটিভ কম্পোজিট মিলস লিমিটেডের জেনারেল ম্যানেজার মোহাম্মদ খালিদ হোসেন বলেন, “ঈদের পর কারখানা খোলার প্রথম দিনেই উপস্থিতির হার ৯০ থেকে ৯৫ শতাংশের মধ্যে রয়েছে, যা আমাদের জন্য সন্তোষজনক।”
উল্লেখ্য, চলতি মাসের ১৮ থেকে ২৮ মার্চ পর্যন্ত পর্যায়ক্রমে ঈদের ছুটি ঘোষণা করা হয় সাভার-আশুলিয়ার পোশাক কারখানাগুলোতে। ছুটি শেষে রোববার থেকে প্রায় সব কারখানায় পুরোদমে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে।










