| | |

এআই ফাঁকি দেওয়া সেই চালকের কারাদণ্ড

সাভার ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক ট্রাফিক নজরদারি ব্যবস্থা ফাঁকি দিতে মোটরসাইকেলের নম্বরপ্লেট স্কচটেপ দিয়ে ঢেকে চলাচলের ঘটনায় লাবলু হক (৩৮) নামে এক ব্যক্তিকে প্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গতকাল সোমবার তাকে গ্রেফতার করা হয়। তিনি রাজধানীর লালবাগ এলাকার বাসিন্দা। মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার আনিছুর রহমান।

সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছবি ছড়িয়ে পড়ার পর প্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করা হয়েছে। পরে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত তাকে এক মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করেছেন।

আনিছুর রহমান বলেন, গত ১৯ মে এক মোটরসাইকেলচালক নম্বরপ্লেটের তিনটি ডিজিট সাদা স্কচটেপ দিয়ে ঢেকে রাজধানীর সড়কে চলাচল করতে দেখা যায়। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়। বিষয়টি নজরে আসলে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করা হয়।

তবে ছবিতে চালকের মুখ স্পষ্ট দেখা না যাওয়ায় তাকে শনাক্ত করা সহজ ছিল না। কিন্তু ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সহায়তায় রাজধানীর বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হয়। মোটরসাইকেলটির ধরন ও নম্বরপ্লেট মিলিয়ে অনুসন্ধান চলে। পরে সোমবার লাবলুকে গ্রেফতার করা হয়। পরে তাকে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালত লাবুলুকে এক মাসের কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড দিয়েছেন বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

ডিএমপির অতিরিক্ত কমিশনার আরও জানান, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রক্রিয়া ইতিবাচক। অল্প সময়ের মধ্যেই সড়কে পরিবর্তন দেখা যাচ্ছে। ঈদের ছুটিতেও অনেককেই স্বতঃস্ফূর্তভাবে ট্রাফিক আইন মেনে চলতে দেখা গেছে।

আনিছুর রহমান বলেন, ‘আমরা উন্নত বিশ্বের মতো একটি স্বয়ংক্রিয় ও শৃঙ্খলাপূর্ণ ট্রাফিকব্যবস্থা গড়ে তুলতে চাই। কিন্তু কেউ যদি প্রযুক্তিকে ফাঁকি দেওয়ার চেষ্টা করেন, তাহলে সেটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted