শুক্রবার | ১২ জুন, ২০২৬ | ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৫ জিলহজ, ১৪৪৭

আমানতের অর্থ ফেরতের দাবি

একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের বাংলাদেশ ব্যাংক ঘেরাও

নিজস্ব প্রতিবেদক

 

মুনাফাসহ গচ্ছিত আমানতের সম্পূর্ণ অর্থ দ্রুত ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীরা। বৃহস্পতিবার (৫ মার্চ )বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে তারা এই কর্মসূচি পালন করেন। একপর্যায়ে আন্দোলনকারীরা শাপলা চত্বর এলাকায় প্রধান সড়ক অবরোধ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

বিক্ষোভে অংশ নেওয়া আমানতকারীরা জানান, ইউনিয়ন ব্যাংক, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, স্যোশাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংককে একত্র করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা দীর্ঘদিন ধরে তাদের পাওনা ফেরতের দাবিতে আন্দোলন করে আসছেন। কর্মসূচিতে তারা ‘হেয়ার কাট’ সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনকারীদের অভিযোগ, কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নরের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪ ও ২০২৫ সালের আমানতের ওপর মাত্র ৪ শতাংশ হারে মুনাফা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, যা ‘হেয়ার কাট’ নামে পরিচিত। তাদের দাবি, এই সিদ্ধান্ত সাধারণ আমানতকারীদের জন্য অন্যায্য ও অমানবিক। অনেক গ্রাহক সঞ্চিত মূলধন ও মুনাফা তুলতে না পেরে চরম আর্থিক সংকটে পড়েছেন এবং মানবেতর জীবনযাপন করছেন।

বিক্ষোভকারীরা দ্রুত এই সিদ্ধান্ত বাতিল করে আমানতের পুরো অর্থ ফেরত দেওয়ার পাশাপাশি ব্যাংকগুলোর স্বাভাবিক কার্যক্রম চালুর দাবি জানান। বেলা ১১টায় শুরু হওয়া মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর মুনাফা কেটে মাত্র ৪ শতাংশ দেওয়ার সিদ্ধান্ত আমানতকারীদের অধিকার ক্ষুণ্ন করেছে। দাবি বাস্তবায়ন না হলে আগামী ১২ মার্চ বাংলাদেশ ব্যাংক ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারিও দেন তারা।

বিক্ষোভের কারণে মতিঝিল এলাকায় দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930