কমিটি ঘোষণার মাত্র ২১ দিনের মাথায় সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামিরকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
শুক্রবার (২৬ জুন) কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ৫ জুন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের অধীনে সাভার থানা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে মাহাবুব হোসেন সামিরের নাম ঘোষণার পর থেকেই স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রগুলোর দাবি, সামিরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও হত্যাসহ বিভিন্ন গুরুতর অভিযোগ নিয়ে বিতর্ক ছিল। এসব অভিযোগ থাকা সত্ত্বেও তাকে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব দেওয়ায় দলের তৃণমূল পর্যায়ের একাংশের মধ্যে প্রশ্ন দেখা দেয়।
সবশেষে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ছাত্রদল। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্তে অনুমোদন দেন।
তবে কেন্দ্রীয় ছাত্রদলের প্রকাশিত বিজ্ঞপ্তিতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগের ধরন বা কোন কর্মকাণ্ডের কারণে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য উল্লেখ করা হয়নি।









