ভারতের কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে কলকাতা পুলিশ। তাদের একজন ঢাকার সাভারের আমিনবাজারের বেগুনবাড়ি এলাকার আহমেদ বাবু (৩৭)।
আহমেদ বাবু চার ভাইয়ের মধ্যে সবার ছোট। তিনি স্ত্রী ও দুই সন্তানকে রেখে গেছেন। তার মেয়ে রোজার বয়স আট বছর এবং ছেলে সোয়াদের বয়স পাঁচ বছর।
পরিবারের সদস্যরা জানান, জীবিকার প্রয়োজনে নিয়মিত ব্যবসায়িক কাজে দেশের বাইরে যাতায়াত করতেন আহমেদ বাবু। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন দিশেহারা তার স্বজনরা।
বাবুর বন্ধু ফয়সাল জানান, কসমেটিকসের দোকানের মালামাল কিনতে ভারতে গিয়েছিলেন আহমেদ বাবু। কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ নামের একটি আবাসিক হোটেলের তৃতীয় তলায় উঠেছিলেন তিনি। সেখানে অবস্থানকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে হোটেলের ভেতরে আটকা পড়ে বাবুসহ বেশ কয়েকজনের মৃত্যু হয়।
কলকাতা পুলিশের তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে মোট ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
আহমেদ বাবুর মেঝো ভাই মনির হোসেন জানান, ব্যবসায়িক কাজে ভারতে যাওয়ার আগে পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলে গিয়েছিলেন বাবু। তবে কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের পর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
স্বজনরা জানান, পরিবারের সঙ্গে শেষবার স্বাভাবিকভাবে কথা বলেই ভারতে গিয়েছিলেন আহমেদ বাবু। হঠাৎ তার মৃত্যুর খবর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছে পুরো পরিবার।









