| | |

গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীতে ঝুট ব্যবসা নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঝুটবোঝাই ট্রাক ও ব্যবসায়ীর কাছ থেকে নগদ তিন লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। হামলার সময় একটি মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়া হয়।

শনিবার (৭ মার্চ) দুপুরে গাজীপুর মহানগরীর ১৪ নম্বর ওয়ার্ডের বাসন ভিটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের অভিযোগ, খান ট্রেডিংয়ের প্রোপ্রাইটর কৌশিক খানের সঙ্গে ম্যানল ফ্যাশন গার্মেন্টসের ঝুট ক্রয়-বিক্রয় নিয়ে একটি চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুযায়ী শনিবার ঝুট কিনতে গেলে প্রতিপক্ষের হামলার শিকার হন তারা।

অভিযোগে বলা হয়, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপি ও ওয়ার্ড যুবদলের কিছু নেতা প্রায় দুই থেকে আড়াইশ লোক নিয়ে দেশীয় অস্ত্রসহ হামলা চালায়। হামলাকারীদের অনেকের হাতে রামদাসহ বিভিন্ন ধারালো অস্ত্র ছিল।

এ সময় হামলাকারীরা কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। হামলার সময় একটি ঝুটবোঝাই ট্রাক এবং ব্যবসায়ীর কাছ থেকে নগদ প্রায় তিন লাখ টাকা লুট করা হয় বলেও দাবি করা হয়েছে।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted