গাজীপুর নগরের শিমুলতলী চতর এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মফিজুল ইসলাম (২৬)। তিনি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শাহাডুবি গ্রামের বাসিন্দা এবং গাজীপুরের শিমুলতলী এলাকায় ভাড়া বাসায় থেকে দিনমজুরের কাজ করতেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রাত সাড়ে ১০টার দিকে চতর এলাকার এটিআই গেটের পাশে রাস্তার ধারে দুর্বৃত্তরা মফিজুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয়রা লাশ দেখে পুলিশে খবর দিলে, রাত ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
তবে হত্যার কারণ এখনো নিশ্চিত নয়। পুলিশ ধারণা করছে, পূর্বশত্রুতার জেরে ঘটনাটি ঘটতে পারে।
গাজীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) কায়সার হাসান ফারুক বলেন, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।










