শনিবার | ২০ জুন, ২০২৬ | ৬ আষাঢ়, ১৪৩৩ | ৪ মহর্‌রম, ১৪৪৮

গুজব রটিয়ে ট্রাক চালককে পিটিয়ে হত্যা

ফরিদপুর প্রতিনিধি

ছবি : প্রতীকী

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সড়কে বহু মানুষকে চাপা দেওয়ার গুজব রটিয়ে এক ট্রাকচালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান।

নিহতের নাম হান্নান শেখ (৩৫)। তার বাড়ি বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর গ্রামে।

পুলিশ জানায়, সালথা বাজার থেকে রসুলপুর এলাকার বেপরোয়া গতিতে ফরিদপুরের দিকে যাচ্ছিল একটি ট্রাক। পথে গট্টি ও রসুলপুরসহ আশপাশের এলাকায় কয়েকজন পথচারীকে ধাক্কা দেয় ট্রাকটি। এতে অন্তত সাতজন আহত হন।

এ ঘটনার পর ‘ট্রাকটি বহু মানুষকে চাপা দিয়েছে’- এমন গুজব ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা তৈরি হয়।

পরে স্থানীয়রা মোটরসাইকেলে ধাওয়া দিয়ে ট্রাকটিকে বিলনালিয়া নতুন হাটখোলা এলাকায় আটকে ফেলে। এ সময় ট্রাকটি একটি দোকানে ধাক্কা দেয়। এরপর উত্তেজিত জনতা চালক এবং চালকের দুই সহকারীকে (হেলপার) মারধর করে এবং ট্রাকটি ভাঙচুর করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা চালক হান্নান শেখকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ট্রাকের দুই হেলপার নাঈম (২২) ও আল-আমিন (২৫) হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া স্থানীয় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরিবারের সদস্যরা জানান, হান্নান শেখ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। তাদের দুই বছরের একটি কন্যাসন্তান দাদা-দাদীর কাছে থাকে।

নিহতের বাবা শাহিদ শেখ বলেন, “ছেলে যদি দোষ করে থাকে, তাকে আইনের হাতে তুলে দেওয়া যেত। কিন্তু গুজব ছড়িয়ে পিটিয়ে মারা হল।”

নিহতের মা নার্গিস বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “মা ২১ দিনের শিশুটিকে রেখে চলে গেছে, এখন বাপও নাই। আমার মোসলেমার কেউ রইল না। আমি মরে গেলে এই বাচ্চার কী হবে?”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930