| | |

রাজবাড়ীর গোয়ালন্দ

গ্রেফতার হলেন নুরাল পাগলার মরদেহ কবর থেকে তোলার নির্দেশদাতা

জেলা প্রতিনিধি, রাজবাড়ী

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল হক ওরফে নুরাল পাগলার মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশদাতা আব্দুল লতিফ মোল্লাকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার লতিফ মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড় ঠাকুরকান্দির মাওলানা বাহাউদ্দিনের ছেলে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় গ্রেফতার আসামি অপু কাজীর দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে এই লতিফ হুজুরের বিষয়ে তথ্য পাওয়া গেছে। তার নির্দেশে কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়েছে। অভিযান চালিয়ে তাকে মানিকগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে।’

তিনি বলেন, ‘লতিফ মোল্লা নুরাল পাগলার বাড়ি ও দরবারে হামলা, অগ্নিসংযোগ, চুরি, জখম, হত্যা ও কবর থেকে মরদেহ উত্তোলন করে পোড়ানো মামলার আসামি। এই মামলায় এখন পর্যন্ত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এছাড়া পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় এখন পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

এছাড়া এই মামলায় অভি মন্ডল রঞ্জু (২৯) নামে আরেকজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি গোয়ালন্দের আলম চৌধুরী পাড়ার বিল্লাল মন্ডলের ছেলে।

এদিকে সোমবার দিবাগত রাতে গোয়ালন্দ ঘাট থানায় নুরাল পাগলার ভক্ত নিহত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা বাদী হয়ে অজ্ঞাতনামা সাড়ে ৩ থেকে ৪ হাজার জনকে আসামি করে অভিযোগ দায়ের করেছেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ