| | |

চার দশকের রাজনৈতিক মহাকাব্য

চট্টগ্রামের তৃণমূল মানুষের কণ্ঠস্বর নুর মোহাম্মদ

চট্টগ্রাম প্রতিনিধি

আলহাজ নুর মোহাম্মদ

রাজনীতি কেবল ক্ষমতার মঞ্চ নয়, বরং মানুষের সেবা ও সমাজ পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার—এই বিশ্বাসকে ধারণ করে দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন চট্টগ্রামের বর্ষীয়ান রাজনীতিক আলহাজ নুর মোহাম্মদ। শিক্ষা, সমবায় ও সমাজসেবায় তার বহুমুখী অবদান তাকে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে একটি উল্লেখযোগ্য অবস্থানে নিয়ে এসেছে।

১৯৫৯ সালের ১২ মে চট্টগ্রামের হাটহাজারীর জোবরা (সিকদার পাড়া) গ্রামে জন্মগ্রহণ করেন নুর মোহাম্মদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে ১৯৭৮-৭৯ শিক্ষাবর্ষে বি.কম (অনার্স) এবং ১৯৮২ সালে এম.কম ডিগ্রি অর্জনের মধ্য দিয়ে তার উচ্চশিক্ষা জীবন সম্পন্ন হয়। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি নেতৃত্বের সঙ্গে যুক্ত হন এবং পরবর্তী সময়ে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রাখেন।

১৯৮০ সালে ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হিসেবে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়। পরবর্তীতে ১৯৮৩ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও হাটহাজারী থানা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৮৫ থেকে ১৯৯২ সাল পর্যন্ত তিনি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

ছাত্ররাজনীতি শেষে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন। ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত হাটহাজারী থানা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করেন তিনি। এরপর ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনীতির পাশাপাশি তিনি সমবায় ও শ্রমিক সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন। ১৯৯২ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত হাটহাজারী থানা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া চট্টগ্রাম নাজিরহাট সড়ক পরিবহন সমবায় সমিতির প্রধান উপদেষ্টা এবং চট্টগ্রাম আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেন। ১৯৮৪ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত তিনি সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্বে ছিলেন।

শিক্ষা ও সমাজ উন্নয়নে নুর মোহাম্মদের ভূমিকা রয়েছে উল্লেখযোগ্য। তিনি জোবরা পি.পি. উচ্চ বিদ্যালয়, জোবরা পশ্চিম পট্টি উচ্চ বিদ্যালয় ও কলেজ, ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি হাটহাজারী আজিজিয়া নোমানিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হিসাববিজ্ঞান সমিতি এবং চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশনের আজীবন সদস্য হিসেবে তিনি মানবসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted