শুক্রবার | ১৭ এপ্রিল, ২০২৬ | ৪ বৈশাখ, ১৪৩৩ | ২৮ শাওয়াল, ১৪৪৭

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগানের জেরে ভাঙচুর, গোলাগুলি

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

ছবি : ভিডিও থেকে নেওয়া

চট্টগ্রাম নগরের জিইসি মোড়ের একটি কনভেনশন সেন্টারে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া নিয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। মো. শরীফ (২৩) নামের ওই গুলিবিদ্ধ তরুণকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে আটটায় এ ঘটনা ঘটেছে। তবে শরীফ কার গুলিতে আহত হয়েছেন এবং গোলাগুলির সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি। শরীফ ছাড়া আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাঁর পরিচয় পাওয়া যায়নি।

তবে ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, একটি পক্ষ কনভেনশন সেন্টারের মূল ফটক ভাঙচুর করার চেষ্টা করে। এ সময় ভেতরে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোড়েন।

জিইসি মোড়ের কনভেনশন সেন্টারে একটি মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান কনসার্টের আয়োজন করে। এতে ব্যান্ড দল আর্টসেল গান পরিবেশনের কথা ছিল। এই কনসার্ট সবার জন্য উন্মুক্ত ছিল। কনসার্ট সন্ধ্যায় শুরু হয়েছিল। পরে দুই পক্ষের ঝামেলার কারণে কনসার্ট পণ্ড হয়ে যায়। কনভেনশন সেন্টারে ভাঙচুর করা হয়। এখন সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন।

গুলিতে আহত শরিফকে চমেক হাসপাতালে নিয়ে আসেন মো. নাঈম নামের এক তরুণ। তিনি মুঠোফোনে বলেন, কনসার্ট চলাকালে একটি পক্ষ সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেয়। স্লোগান দেওয়া ব্যক্তিরা ছাত্রলীগের কর্মী। এ নিয়ে ছাত্রদলের নেতা-কর্মীরা প্রতিবাদ করেন। এরপর দুই পক্ষের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পুলিশ এলোপাতাড়ি গুলি করে। এতে ছাত্রদলের দুজন গুলিবিদ্ধ হয়েছেন।
শটগান থেকে গুলি ছুড়তে ছুড়তে কনভেনশন সেন্টারের গেটের দিকে এগিয়ে যান সাদা পোশাকের এক ব্যক্তি। তাঁর পেছনে ছিলেন পুলিশ সদস্যরা

তবে হাসপাতালে গুলিবিদ্ধ একজনকে নিয়ে আসা হয়েছে বলে জানান চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার। তিনি বলেন, গুলিবিদ্ধ ব্যক্তি ও তাঁর সঙ্গে আসা লোকজন সঠিক তথ্য দিচ্ছেন না। তাই আসল ঘটনা জানা যাচ্ছে না।

গুলিবিদ্ধ আহত ব্যক্তিদের দেখতে চমেক হাসপাতালে গিয়েছেন চট্টগ্রাম নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম। হাসপাতাল থেকে তিনি বলেন, কনসার্ট চলাকালে কনভেনশন সেন্টারের ভেতরে আওয়ামী লীগের স্লোগান দিয়েছে একটি পক্ষ। পরে এটি নিয়ে ভেতরে গণ্ডগোল হয়েছে। কয়েকজন আহত হওয়ার খবর পেয়ে তাঁদের দেখতে হাসপাতালে এসেছেন।

চট্টগ্রাম নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর জামান বলেন, কী নিয়ে এ ঘটনা ঘটেছে, তা জানার জন্য কথা বলছেন তাঁরা। সবার সঙ্গে কথা কী ঘটেছে, তা জানানো হবে। আর ঘটনাস্থলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা আছেন।

এদিকে কনসার্ট আয়োজনের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের খুলশী থানায় ডেকে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930