বুধবার | ৩ জুন, ২০২৬ | ২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৬ জিলহজ, ১৪৪৭

ময়মনসিংহে চরমোনাই পীর

‘চাঁদাবাজ–ধোঁকাবাজদের আর সুযোগ নেই’

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, এখন আর মানুষকে ধোঁকা দিয়ে দেশকে গর্তে ফেলার সুযোগ নেই। তিনি বলেন, “আমি সারা বাংলাদেশ ঘুরে দেখেছি, এখন যেনতেনভাবে দিনকে রাত, রাতকে দিন বানানোর সুযোগ আর নেই। হে চাঁদাবাজেরা, খুনিরা, স্টেশন দখলকারীরা—বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়ে গর্তে ফেলানোর সুযোগ আর তোমরা পাবে না।”

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মুন্সিরহাট হাইস্কুল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশে হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ময়মনসিংহ–১ (হালুয়াঘাট–ধোবাউড়া) আসনে মো. জিল্লুর রহমানকে হাতপাখা প্রতীক দিয়ে দলীয় প্রার্থী ঘোষণা করেন চরমোনাই পীর।

রেজাউল করীম বলেন, ইসলামের পক্ষে সবাই এক হলে দেশের কল্যাণ নিশ্চিত হবে। তিনি আরও বলেন, “আমরা যদি ইসলামের পক্ষে, দেশের পক্ষে ও মানুষের কল্যাণের পক্ষে আওয়াজ তুলতে পারি, তাহলে এ দেশ হবে তামাম দুনিয়ার মধ্যে স্বর্ণের দেশ। আর যদি চাঁদাবাজ ও ধোঁকাবাজদের ধোঁকায় পড়ি, তবে আমাদের চোখের পানি, মায়ের চিৎকার বিফলে যাবে। ব্যবসায়ী ভাইয়েরা সুন্দরভাবে ব্যবসা করতে পারবে না। তাই আসুন, আমরা সবাই এক হয়ে আগামী নির্বাচনে একটি ব্যালট বাক্স পাঠাতে পারি, তাহলে আল্লাহর রহমতে বিজয় আসবেই।”

তিনি দাবি করেন, দেশে নীতি–আদর্শবানদের রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পরিবেশ তৈরি হয়েছে, যা গত ৫৩ বছরে দেখা যায়নি। তাঁর ভাষায়, “১৯৭১ সালে স্বাধীনতার লক্ষ্য ছিল বিশ্বসাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা। কিন্তু গত ৫৩ বছরে তা অর্জিত হয়নি। আমরা স্বাধীন হয়েছি ঠিক, কিন্তু পরাধীনতায় জীবন কাটিয়েছি।”

গণসমাবেশে উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আবুল হাশেমের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় সদস্য মুফতি শামসুদ্দোহা আশরাফী, মাওলানা নুরুল করিম আকরাম প্রমুখ।

চরমোনাই পীর আরও বলেন, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসনকাল মানুষ দেখেছে, তবে ইসলামী নীতি–আদর্শের শাসন দেখা হয়নি। তিনি উল্লেখ করেন, “২০২৪ সালের অভ্যুত্থানের সময় আপনারা দেখেছেন, ইসলামী নীতি–আদর্শ লালনকারীরা সংখ্যালঘুদের জানমাল ও উপাসনালয় রক্ষায় দায়িত্ব পালন করেছে। রাস্তায় নেমে ট্রাফিক সিগন্যালে মানুষের কষ্ট লাঘব করেছে। কিন্তু অন্যদিকে একশ্রেণির স্বার্থান্বেষী মহল ব্যস্ত ছিল চাঁদাবাজি, লুটতরাজ, হাট ও স্টেশন দখলে। ভাগবাটোয়ারা নিয়ে ওরা নিজেদেরই হত্যা করেছে। এমন পরিস্থিতি আমরা আর দেখতে চাই না।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930