| | |

চোর সন্দেহে গণপিটুনি, প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন যুবকের

নাজমুল হুদা

প্রতীকি ছবি

ঢাকার সাভারে অটোরিকশা চুরির সন্দেহে গণপিটুনির শিকার হয়ে আবুল খায়ের পাটোয়ারী (৩০) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) রাতে হাসপাতালে গিয়ে তার মরদেহ শনাক্ত করেন স্বজনরা।

নিহত আবুল খায়ের চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর দাসাদী গ্রামের লোকমান পাটোয়ারীর ছেলে। পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টার দিকে সাভারের উলাইল এলাকার আল ইসলাম গার্মেন্টসের পেছনে আবুল খায়েরকে অটোরিকশা চোর সন্দেহে আটক করেন স্থানীয়রা। অভিযোগ রয়েছে, প্রায় দুই ঘণ্টা ধরে তাকে মারধরের পর কোটঘর মহল্লার একটি অটোরিকশা গ্যারেজে নিয়ে গিয়ে আরও নির্যাতন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক অটোরিকশাচালক খাবার খেতে যাওয়ার সময় তার শিশুপুত্রকে গাড়ি পাহারা দিতে বলে যান। এ সময় আবুল খায়ের শিশুটির কাছে খাবার চান এবং অটোরিকশার হ্যান্ডেলে হাত দিয়ে বসে থাকেন। বিষয়টি জানাজানি হলে তাকে চোর সন্দেহে গণপিটুনি দেওয়া হয়।

গুরুতর আহত অবস্থায় দুপুর ১টার দিকে দুই ব্যক্তি তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে বিষয়টি জানায়।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কামরুন্নাহার জানান, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছিল।

স্বজনরা জানান, রোববার ভোরে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে আবুল খায়ের নিখোঁজ ছিলেন। সোমবার রাতে সাভার মডেল থানা থেকে খবর পেয়ে হাসপাতালে গিয়ে তারা মরদেহ শনাক্ত করেন। তাদের অভিযোগ, শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে নিশ্চিত হওয়া যায়, তাকে পিটিয়েই হত্যা করা হয়েছে।

গ্যারেজ মালিক নুরুজ্জামান দাবি করেন, তিনি কাউকে মারধর করেননি। স্থানীয় লোকজন ও অটোরিকশাচালকেরা ওই যুবককে গ্যারেজে নিয়ে আসেন। পরে মানবিক কারণে তিনি তাকে হাসপাতালে পৌঁছে দেন।

পুলিশ জানায়, প্রথমে মরদেহটি অজ্ঞাত হিসেবে উদ্ধার করা হলেও র‍্যাবের সহায়তায় ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়। সুরতহাল প্রতিবেদনে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, এ ঘটনায় অটোরিকশাচালক সবুজ ওরফে শুভকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে। তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted