| | |

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

ছাত্রত্ব শেষ, তবুও হলে জাকসু ভিপিসহ তিন নেতা

নাজমুল হুদা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) কার্যকাল আগামী সেপ্টেম্বরেই শেষ হতে যাচ্ছে। এরই মধ্যে ছাত্রত্ব শেষ হয়ে গেলেও হল ছাড়েননি জাকসুর ভিপি আবদুর রশিদ জিতুসহ আরও দুই সদস্য। প্রশাসনের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় বিষয়টি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, ছাত্রত্ব শেষ হওয়া তিন জাকসু নেতার মধ্যে রয়েছেন আল-বেরুনী হলের আবাসিক শিক্ষার্থী ও জাকসুর ভিপি আবদুর রশিদ জিতু, ফজিলাতুন্নেছা হলের এজিএস (নারী) আয়েশা সিদ্দিকা মেঘলা এবং ফেলানী খাতুন হলের সহকারী ক্রীড়া সম্পাদক ফারহানা আক্তার লুবনা।

বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, আবাসিক হলগুলোতে বৈধ ও নিয়মিত শিক্ষার্থীদের থাকার কথা। তবে ছাত্রত্ব শেষ হওয়ার পরও জাকসুর মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত এসব নেতার হলে অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসনের নমনীয়তার কারণে ছাত্রত্ব শেষ হওয়া ব্যক্তিদের হলে অবস্থানের সুযোগ তৈরি হয়েছে।

তবে এর ব্যতিক্রম হিসেবে জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম ছাত্রত্ব শেষ হওয়ার আগেই মওলানা ভাসানী হলের আবাসিক আসন ছেড়ে দিয়েছেন।

অভিযোগের বিষয়ে জাকসুর ভিপি আবদুর রশিদ জিতুর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

জাকসুর এজিএস (নারী) আয়েশা সিদ্দিকা মেঘলা বলেন, ব্যক্তিগত কিছু জিনিসপত্র ইতোমধ্যে হল থেকে সরিয়ে নিয়েছেন। বাকি মালামালও শিগগির সরিয়ে নেবেন। তিনি দীর্ঘদিন ধরে হলে অবস্থান করছেন না বলেও দাবি করেন।

অন্যদিকে, ফারহানা আক্তার লুবনা বলেন, মাস্টার্সের ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পর চাকরির প্রস্তুতির জন্য তিনি বাসায় চলে যান। এ কারণে হলের সব জিনিসপত্র একসঙ্গে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। শিগগিরই আনুষ্ঠানিকভাবে হল ছেড়ে দেবেন তিনি।

‘শিগগিরই’ বলতে কতদিন জানতে চাইলে দুই নারী সদস্যই এক মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে হল ছাড়বেন বলে জানান।

এ বিষয়ে জাতীয় ছাত্রশক্তি জাবির সভাপতি জিয়া উদ্দিন আয়ান অভিযোগ করে বলেন, জাকসুর মেয়াদ শেষ হওয়ার অপেক্ষায় থেকে প্রশাসন কালক্ষেপণ করছে। এর ফলে ছাত্রত্ব শেষ হওয়া ব্যক্তিদের নিয়ম ভেঙে হলে থাকার সুযোগ তৈরি হচ্ছে।

জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, সবার ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য হবে। আশা করছি, তারা খুব শিগগির নিজ দায়িত্বে হল ত্যাগ করবেন।

প্রশাসনকে দেওয়া আল্টিমেটামের সময়সীমা পার হলেও চূড়ান্ত সিদ্ধান্ত না আসার বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে উপাচার্যের সঙ্গে কথা হয়েছে। এক-দুই দিনের মধ্যে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশিত না হলে সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ে পরবর্তী কর্মসূচিতে যেতে বাধ্য হবেন তারা।

এদিকে, ছাত্রত্ব শেষ হওয়া ব্যক্তিদের হলে থাকার বিষয়ে প্রশাসনের অবস্থান জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, জাকসুর আল্টিমেটামের পর অছাত্রদের হল ছাড়ার বিষয়ে প্রশাসনিক বৈঠক হয়েছে। বিষয়টি বর্তমানে উপাচার্যের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, অছাত্রদের হলে থাকার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে। খুব শিগগির এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রজ্ঞাপন আকারে জারি করা হবে। শিক্ষার্থীদের কল্যাণের বিষয়টি বিবেচনায় নিয়ে একটি সমাধানে পৌঁছেছেন বলেও জানান তিনি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ