বুধবার | ৩ জুন, ২০২৬ | ২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৬ জিলহজ, ১৪৪৭

জমজমাট সাভার চামড়া শিল্পনগরী, এসেছে ৫.২৭ লাখ চামড়া

নাজমুল হুদা

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে গত তিন দিনে সাভারের চামড়া শিল্পনগরীতে পাঁচ লাখের বেশি কাঁচা চামড়া এসেছে। ট্যানারিগুলোতে চলছে চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের ব্যস্ততা।

শনিবার (৩০ মে) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন চামড়া শিল্পনগরীর বিসিক কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মেহরাজুল মাইয়ান।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত মোট ১ হাজার ৭১২টি ট্রাকে করে শিল্পনগরীতে এসেছে ৫ লাখ ২৭ হাজার ৬৭৬টি কাঁচা চামড়া। এর মধ্যে গরু ও মহিষের চামড়া ৫ লাখ ১১ হাজার ৫৪০টি এবং ছাগল-ভেড়ার চামড়া ১৬ হাজার ১৩৬টি।

সরেজমিনে দেখা গেছে, শিল্পনগরীর বিভিন্ন ট্যানারিতে দিনভর ট্রাকভর্তি চামড়া আসছে। শ্রমিকরা চামড়া আনলোড, লবণজাত ও সংরক্ষণের কাজে ব্যস্ত সময় পার করছেন। শিল্পনগরীর প্রধান ফটক থেকে ট্যানারির অভ্যন্তর পর্যন্ত কোথাও বড় ধরনের বিশৃঙ্খলা দেখা যায়নি।

মেহরাজুল মাইয়ান বলেন, শিল্পনগরীতে আসা চামড়া দ্রুত সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করা হচ্ছে। ঈদের অতিরিক্ত চাপ সামাল দিতে বিসিক, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়, জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

সংশ্লিষ্টরা জানান, ঈদের প্রথম দিন দুপুরের পর থেকেই চামড়াবাহী ট্রাক শিল্পনগরীতে প্রবেশ করতে শুরু করে। কোরবানির পরপর সংগ্রহ করা অধিকাংশ কাঁচা চামড়াই রক্তমাখা অবস্থায় আসে। ট্যানারিতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে শ্রমিকরা সেগুলোতে লবণ মাখিয়ে সংরক্ষণের কাজ শুরু করেন।

এর আগে শুক্রবার (২৯ মে) বিকেলে শিল্পনগরী পরিদর্শন করেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। এ সময় তিনি বিভিন্ন ট্যানারি ঘুরে দেখেন এবং মালিকদের সঙ্গে শিল্পের বর্তমান অবস্থা, উৎপাদন ও পরিবেশ ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় করেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930