শনিবার | ৬ জুন, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৯ জিলহজ, ১৪৪৭

জমির বিরোধে কাটা হল শিক্ষকের রগ, প্রতিপক্ষের বাড়িঘরে অগ্নিসংযোগ

জেলা প্রতিনিধি, নরসিংদী

নরসিংদীর শিবপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক অবসরপ্রাপ্ত শিক্ষককে কুপিয়ে দুই পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর গুজব ছড়িয়ে পড়লে প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পুটিয়া ইউনিয়নের মোল্লাকান্দা মোগল বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ওসি কোহিনূর মিয়া।

আহত শিক্ষক আবু ছাঈদ মোগল (৭০) মোল্লাকান্দা গ্রামের জামাল উদ্দিন মোগলের ছেলে। তিনি শিবপুরের ষাশপুর কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

আহতের মেয়ে রোকেয়া লিপি জানান, প্রতিবেশী স্বপন মোগলের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তিনি বিরোধপূর্ণ জমিতে গেলে স্বপন মোগল বাধা দেন এবং তাকে মারধর করেন। তার চিৎকারে বাবা আবু ছাঈদ মোগল ঘটনাস্থলে গেলে স্বপন মোগল ও তার ভাই কিরণ মোগল দা দিয়ে কুপিয়ে তার দুই পায়ের রগ কেটে দেন বলে অভিযোগ করেন তিনি।

স্থানীয়রা আহত শিক্ষককে উদ্ধার করে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

এদিকে শুক্রবার রাতে আবু ছাঈদ মোগল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন—এমন গুজব এলাকায় ছড়িয়ে পড়ে। এতে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত স্বপন মোগল ও কিরণ মোগলের বাড়িঘরে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ওসি কোহিনূর মিয়া বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে একজনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। আহতের স্বজনরা থানায় অভিযোগ করেছেন। একই ঘটনায় প্রতিপক্ষের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়েও পুলিশ তদন্ত করছে।

বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930