| | |

জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, আহত ২

নাজমুল হুদা

ঢাকার সাভারের ভাকুর্তা এলাকায় জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই ব্যক্তি আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় এক ভুক্তভোগীর কাছ থেকে বিকাশ ব্যবসার ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুর ২টার দিকে সাভার মডেল থানার ভাকুর্তা ইউনিয়নের চুনারচর মাদ্রাসা রোড ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন চুনারচর এলাকার বাসিন্দা মো. আব্দুর রহমান (২৫) ও তার চাচাতো ভাই দেলোয়ার হোসেন (৩৯)। স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগীদের অভিযোগ, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বিল্লাল হোসেন, সিয়াম, মনির হোসেন ও ছাদেক হোসেনসহ কয়েকজন তাদের পথরোধ করেন। একপর্যায়ে দেশীয় অস্ত্র ও লোহার রড দিয়ে তাদের ওপর হামলা চালানো হয়।

অভিযোগ অনুযায়ী, হামলার সময় দেলোয়ার হোসেনের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। তার হাতেও আঘাতের চিহ্ন রয়েছে। তাকে রক্ষা করতে গেলে আব্দুর রহমানকেও লোহার রড দিয়ে মারধর করা হয়।

ভুক্তভোগীদের দাবি, হামলার একপর্যায়ে আব্দুর রহমানের পকেটে থাকা বিকাশ ব্যবসার নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় অভিযুক্তরা। পাশাপাশি এ ঘটনায় মামলা বা আইনি পদক্ষেপ নিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। চিকিৎসা ও স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলায় থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানিয়েছেন অভিযোগকারী।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আনোয়ার হোসেন বলেন, “লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ