ঢাকার সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দুই ছাত্রীর গোপনে ছবি তোলার অভিযোগে আটক হওয়া দেবাশীষ চৌধুরী (৪৫) নামে এক ব্যক্তিকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর প্রবেশ না করার অঙ্গীকারের ভিত্তিতে তাকে মুক্তি দেওয়া হয়।
বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত দেবাশীষ চৌধুরী ধামরাই উপজেলার বাইশাকান্দা এলাকার বাসিন্দা। তিনি ধামরাই উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাইশাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বলে জানা গেছে।
ভুক্তভোগী ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কার্যালয় সূত্রে জানা যায়, ঘটনার সময় তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থী এবং ছাত্রদলের জাবি শাখার যুগ্ম আহ্বায়ক সেলিম রেজার সঙ্গে ক্যাম্পাসে এসেছিলেন।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কার্যালয়ে দেওয়া লিখিত বক্তব্যে দেবাশীষ চৌধুরী কয়েকজন ছাত্রীর অনুমতি ছাড়া ছবি তোলার বিষয়টি স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ না করার অঙ্গীকার করেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা যায়, তার সঙ্গে থাকা ব্যক্তির কাছ থেকে দুটি বিয়ারের ক্যান উদ্ধার করা হয়। পরে প্রশাসনের উপস্থিতিতে সেগুলো নষ্ট করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের জাবি শাখার যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা বলেন, “এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।”
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, অভিযোগের পর ওই ব্যক্তিকে নিরাপত্তা কার্যালয়ে আনা হয়। পরে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। তিনি শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এবং ভবিষ্যতে ক্যাম্পাসে প্রবেশ না করার অঙ্গীকার করেছেন। এসব শর্তে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।









