| | |

জাবিতে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা

নাজমুল হুদা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক বহিরাগত যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেছা হল সংলগ্ন চারুকলা এক্সটেনশন এলাকায় ঘটনাটি ঘটে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ৫১তম আবর্তনের এক ছাত্রী ক্যাম্পাসসংলগ্ন ইসলামনগর এলাকায় থাকেন। রাতে রিকশা না পেয়ে তিনি শহিদ-সালাম বরকত হলের সামনে দিয়ে পুরাতন কলা ভবন এক্সটেনশনের দিকে যাচ্ছিলেন। এসময় এক যুবক তাকে অনুসরণ করতে থাকে। পরে পরিচয় জানতে চাইলে নিজেকে বিশ্ববিদ্যালয়ের ৪৮তম আবর্তনের শিক্ষার্থী বলে পরিচয় দেয় ওই যুবক।

অভিযোগ রয়েছে, একপর্যায়ে যুবকটি রুমাল হাতে ভুক্তভোগীকে টেনে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক যুবক ভুক্তভোগীকে টেনে রাস্তার পাশের ঝোপে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ওই ছাত্রী আতঙ্কিত অবস্থায় সেখান থেকে বেরিয়ে আসেন। পরে কয়েকজন শিক্ষার্থী তাকে উদ্ধার করেন।

উদ্ধারকারীদের একজন, মাইক্রোবায়োলজি বিভাগের ৪৭তম আবর্তনের শিক্ষার্থী জাহিদ হাসান জানান, রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে তারা কয়েকজন বাইকে করে ওই এলাকা অতিক্রম করার সময় এক ছাত্রীর চিৎকার শুনতে পান। পরে জঙ্গল থেকে আতঙ্কিত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তবে অভিযুক্তকে খুঁজে পাওয়া যায়নি।

এ ঘটনায় বুধবার সকালে আশুলিয়া থানায় ‘ধর্ষণ ও হত্যা চেষ্টা’ শিরোনামে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মামলার বাদী ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মো. জেফরুল হাসান চৌধুরী।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, “ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্তের চেষ্টা চলছে। তিনি বহিরাগত বলে নিশ্চিত হওয়া গেছে। ইতোমধ্যে থানায় মামলা করা হয়েছে এবং অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ