| | |

জাবিতে পালাগানের আসরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) হিম উৎসব উপলক্ষে আয়োজিত পালাগানের একটি আসরে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে হট্টগোলের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ছবি চত্বরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, পালাগানের মঞ্চে পরিবেশনা করতে ওঠেন শিল্পী এছাক সরকার। পরিবেশনার একপর্যায়ে তাঁর একটি বক্তব্যকে কেন্দ্র করে আপত্তি জানান পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফজলে রাব্বি। তিনি মঞ্চে উঠে মাইকের মাধ্যমে প্রতিবাদ জানান। এ সময় অনুষ্ঠানস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে অন্যান্য শিক্ষার্থীরা ফজলে রাব্বিকে মঞ্চ থেকে সরিয়ে নেন। এ ঘটনাকে কেন্দ্র করে আয়োজক ও শিক্ষার্থীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। যদিও এরপর কিছু সময় অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে চলতে থাকে।

তবে ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীদের একটি অংশ শহীদ মিনারের পাশে অবস্থান নিয়ে ধর্ম অবমাননার অভিযোগে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হলে দিবাগত রাত দুইটার দিকে একদল শিক্ষার্থী উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

এ সময় উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং প্রক্টরিয়াল টিমের প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এরপর শিক্ষার্থীরা সেখান থেকে সরে যান।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক আবদুর রাজ্জাক বলেন, ‘সুরা নাস দিয়ে অনুষ্ঠানের শুরুতে একটি বিষয় নিয়ে সমস্যা তৈরি হয়। সেটিকে কেন্দ্র করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ ওঠে। একজন শিক্ষার্থী বিষয়টি নিয়ে মঞ্চে কথা বলতে গেলে আয়োজকেরা তাকে সেখান থেকে সরিয়ে দেন। পরে কিছু সাধারণ শিক্ষার্থী উত্তেজিত হয়ে পড়ে। আমরা তাদের শান্ত করেছি।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরা তাদের নৈতিক অবস্থান থেকে প্রতিবাদ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আয়োজকদের অনেকেই জানিয়েছেন, ঘটনার পর শিল্পী দুঃখ প্রকাশ করেছেন।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ